হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হার ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। টিকাদান কর্মসূচি চলমান থাকলেও রোগটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১২ শিশু মারা গেছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১১ শিশু নিশ্চিত হামে আক্রান্ত এবং ১ হাজার ১৯২ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৪ জনের এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।
এছাড়া একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪১৬ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৬১১ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স