সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করেছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
একইসঙ্গে পৃথক আরেকটি অফিস আদেশে এসব কর্মকর্তার আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখ ১০ এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়েছে। এর আগের দিন, ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ বাতিল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের উদ্দেশ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এতে ছক আকারে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের পূর্ববর্তী পদ এবং বর্তমানে সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।
যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ভূতাপেক্ষভাবে ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হয়েছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ