ঈদের পর আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা : রেলমন্ত্রী
ঈদুল আজহা পরবর্তী সময়ে দেশের প্রতিটি আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (২৫ মে) রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলে ৬৫ বছরের বেশি বয়সী নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় সংক্রান্ত কার্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
রেলমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ঈদের সময় নারীদের জন্য আলাদা কোচ চালুর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে রোববার রাতে প্রধানমন্ত্রী ফোনেও নির্দেশনা দেন।” তিনি জানান, চট্টগ্রাম ও সিলেট রুটে ইতোমধ্যে দুটি কোচে নারীদের জন্য আলাদা যাত্রার ব্যবস্থা চালু করা হয়েছে। ঈদের পর ধাপে ধাপে সব আন্তঃনগর ট্রেনে এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, মেট্রোরেল বর্তমানে সাড়ে চার মিনিট পরপর চলাচল করছে। নতুন কোচ যুক্ত করা গেলে এই ব্যবধান আরও কমানো সম্ভব হবে।
শেখ রবিউল আলম জানান, মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এতে তারা মেট্রোরেল ও আন্তঃনগর রেলে ২৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন।
ঈদুল আজহা সামনে রেখে যাত্রীচাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সময় প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে। টিকিট ছাড়া বা অনিয়মিতভাবে যাতায়াত নিরুৎসাহিত করা হচ্ছে। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
টাঙ্গাইলের সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, এটি চালকের ভুলে ঘটেছে এবং সেখানে সড়ক ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না।

প্রথম দর্পণ,ডেস্ক