বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ এবং যোগাযোগ অবকাঠামো খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে ইউনান প্রাদেশিক নেতৃত্বের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিনিধি দলে ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, খালেদ মাহমুদ শ্যামল ও সুলতানা জেসমিন এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
চীনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং নিং। এছাড়া ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াংসহ প্রদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ইউনান প্রদেশ ও বাংলাদেশের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে স্বাস্থ্যসেবা, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং সড়ক যোগাযোগ সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশে স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সরকারি পর্যায়ে প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার