মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য ও আর্থিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গভর্নর।
আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট নিয়ে আলোচনাসাক্ষাতে বাংলা কিউআর-এর ব্যবহার সম্প্রসারণ, আন্তঃসীমান্ত ডিজিটাল পেমেন্ট এবং এ ক্ষেত্রে ভারতের অভিজ্ঞতা ও সম্ভাব্য কারিগরি সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বাংলাদেশে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়াতে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গভর্নর।
বৈঠকে বিদেশি বিনিয়োগ আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন ভারতের হাইকমিশনার। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করা অর্থ ও মুনাফা সহজে নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।
এ সময় প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী ও শিল্প খাতে বাংলাদেশে আরও বেশি ভারতীয় বিনিয়োগের আহ্বান জানান গভর্নর।
সাক্ষাতে ভারতের হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে এবং সেকেন্ড সেক্রেটারি (ইকোনমিক অ্যান্ড কমার্স) গৌরব কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের সঙ্গে ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।
তথ্যসূত্র: জাগোনিউজ২৪, ২২ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক