গাজীপুরের কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে আছিয়া আক্তার (৩০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) উপজেলার মৌচাকের নিশ্চিন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হওয়ার পর তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আছিয়া আক্তার নিশ্চিন্তপুর এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ইকোটেক্স পোশাক কারখানায় সেলাই অপারেটর হিসেবে কাজ করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিশ্চিন্তপুর এলাকায় সৈয়দ সুলতান শাহ নামের এক ব্যক্তির মাটির ঘরের টিন পরিবর্তনের কাজ করছিলেন কয়েকজন মিস্ত্রি। কাজ চলার একপর্যায়ে ঘরটির এক পাশের মাটির দেয়াল ধসে পাশের বাড়ির রান্নাঘরের ওপর পড়ে। ওই সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন আছিয়া আক্তার। দেয়ালের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই গুরুতর আহত ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক