৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১৫ কিমি যানজট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ দুপুর
  • ৪৩৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মৌচাক এলাকায় এ কর্মসূচির কারণে মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। আটকে পড়ে বাস, ট্রাকসহ শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, উপজেলার ভান্নার এলাকার একটি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন। নারী-পুরুষ শ্রমিকদের লাঠি হাতে বিক্ষোভ ও ৩০ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ

বিক্ষোভের একপর্যায়ে মৌচাক কাটার মাথায় সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। এতে অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল করতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন।

এদিকে গাজীপুর থেকে বোর্ডঘর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। মহাসড়কের সফিপুর, কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভারেও যানবাহন আটকে থাকার খবর পাওয়া যায়। অনেক কারখানায় কাজ বন্ধ রেখে শ্রমিকেরা আন্দোলনে যোগ দেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে বেতন সমন্বয়ের দাবি

আন্দোলনরত শ্রমিকেরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাঁদের বেতন সেই অনুপাতে বাড়েনি। জীবনযাত্রার ব্যয় সামাল দিতে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে তাঁরা সড়কে নেমেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad