ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কবর খোঁড়ার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মর্জু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মরহুম মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে স্থানীয় কয়েকজন যুবক ও গ্রামবাসী অংশ নেন। কবর প্রস্তুতের একপর্যায়ে কবর ঢাকার কাজে ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শিল্ড সরানোর সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু মিয়া ও সানাউল্লাহ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন আহত হন বলে জানা গেছে।
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক আকরাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় নেয়ামতপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক