রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের দায়ের করা জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে মামলাটির রায় ও দণ্ডাদেশের বৈধতা নিয়ে উচ্চ আদালতে শুনানির পথ উন্মুক্ত হলো।
এর আগে গত ৭ জুন ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
আদালত সূত্র জানায়, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত আসামিরা জেল আপিল দায়ের করলে তা প্রাথমিক শুনানি শেষে গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে আপিলের বিস্তারিত শুনানির তারিখ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক