সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর জংশন দাবিতে উত্তাল মানববন্ধন, অবরোধের হুঁশিয়ারি

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর এলাকায় জংশন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা সতর্ক করে বলেছেন, নকশা অনুযায়ী রায়পুর জংশন বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় “সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটি”-র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘ প্রায় দুই দশকের আন্দোলনের ফসল সিরাজগঞ্জ–বগুড়া রেলপথ প্রকল্প থেকে শহরকে বঞ্চিত করা হলে তা মেনে নেওয়া হবে না। তাদের দাবি, নকশা অনুযায়ী কালিয়াহরিপুর হয়ে চান্দাইকোনা পর্যন্ত সংযোগ রেখে রায়পুর এলাকায় মাত্র দুই কিলোমিটার অংশে জংশন স্থাপন করলে জেলার বহুদিনের প্রত্যাশা পূরণ হবে।

আন্দোলনকারীরা আরও বলেন, এক সময় সিরাজগঞ্জ রেলযোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে কাঙ্ক্ষিত রেল সুবিধা থেকে জেলা বঞ্চিত। তাই দ্রুত রায়পুর জংশন স্থাপনের দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে কড্ডার মোড়, বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ স্থানে সড়ক ও রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সিরাজগঞ্জ রেল বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি মাহবুব-এ খোদা টুটুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব তারিকুজ্জামান টরিকের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান বাচ্চু, বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, সংস্কৃতিকর্মী আব্দুস সালাম মামুন, নাট্যকর্মী ফরিদুল ইসলাম সোহাগ, চিকিৎসক ডা. সাইফুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad