সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গুণীজন সংবর্ধনা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়।
“প্রাণের খোঁজে বিশ্বময়” সংগঠনের আয়োজনে রবিবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “প্রাণের খোঁজে বিশ্বময়” সংগঠন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদ মাহবুব পলাশ, প্রসূন থিয়েটার সিরাজগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ সরকার প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী সৈকত আহমেদ ও জান্নাতুল ফেরদৌস মেধা। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জাকিরুল ইসলাম, জয়, মীনা ও অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। পুরো আয়োজনটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশে সম্পন্ন হয়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি