“আমাদের অঙ্গীকার—একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে মাদকবিরোধী সেমিনার, কুইজ, আবৃত্তি, প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম (শাহীন)। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের অধ্যাপক সুলতানা সালমা হোসেন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহেল অফি, সহকারী প্রধান শিক্ষক শামীম আরা, শিক্ষিকা তানজিলা খাতুন এবং জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু হাসিম তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি