সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: প্রধান আসামিসহ সবাইকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, ০৮:৫১ রাত
  • ২২২০২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামিসহ সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা থানা শাখার উদ্যোগে বোনারপাড়া উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বোনারপাড়া চৌমাথায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে ছাত্রশিবির, জামায়াতে ইসলামী এবং স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে সাঘাটা থানা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা বলেন, সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আসামিদের রিমান্ডে নিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুল, পলাশসহ পলাতক সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে বক্তব্য দেন সাঘাটা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও যুব বিভাগের সভাপতি এনামুল হক সরকার। বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে জন্য দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। নিহতের পরিবারের অভিযোগ, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন।

ঘটনার পর জেলা যুবদল মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে।

এ ঘটনায় নিহত সাইফুল্লাহ বারীর বাবা বাদী হয়ে সাঘাটা থানায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান আসামিসহ অন্যান্য পলাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা জোরালো আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad