রামিসার মায়ের পাশে বিএনপি, হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ নিলেন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৯:১৩ রাত
  • ২১৫৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার শোকাহত ও চিকিৎসাধীন মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম। বুধবার (১ জুলাই) তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, কন্যাশোকে গভীর মানসিক আঘাতে বিপর্যস্ত রামিসার মা গত ২৩ জুন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হন। মানসিক ট্রমার পাশাপাশি তিনি পরিপাকতন্ত্র ও স্নায়বিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ভর্তি হওয়ার পর তার এমআরআই, আল্ট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রোগীর মানসিক অবস্থার উন্নয়নে ইতোমধ্যে দুই দফা কাউন্সেলিং করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

হাসপাতালে অধ্যাপক ডা. রফিকূল ইসলামকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রামিসার মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি এখনো প্রতিদিন রামিসার ডাক আমার কানে শুনতে পাই।” তার এই হৃদয়বিদারক বক্তব্যে হাসপাতালের পরিবেশ ভারাক্রান্ত হয়ে ওঠে।

এ সময় রামিসার বাবা চিকিৎসকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা আমার রামিসার মাকে সুস্থ করে ফিরিয়ে দিন।” তার এই আকুতি উপস্থিত সবার মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণ ও ধারাবাহিক চিকিৎসায় রামিসার মায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনও বেশ কিছু শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন। এ কারণে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের প্রয়োজন রয়েছে।

পরিবারের অন্য সদস্যদের পক্ষে রামিসার ছোট বোনের দেখভাল করা সম্ভব না হওয়ায় পরিবারের অনুরোধে বুধবার তাকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রামিসার মায়ের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

সাক্ষাৎ শেষে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad