জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক এক টকশোর বক্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ওই বক্তব্যে তারা ‘মর্মাহত ও ক্ষুব্ধ’ এবং তা প্রত্যাখ্যান করছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সক্রিয় সহযোদ্ধা এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে সম্প্রতি একটি টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তাঁর বক্তব্য ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, ‘আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা বিশ্বাস করি, আপনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী এবং দেশপ্রেমিক একজন রাজনীতিবিদ। তাই ভবিষ্যতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সংযম, দায়িত্বশীলতা ও যথাযথ শ্রদ্ধাবোধ প্রদর্শন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’
ছাত্রদল সভাপতির এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এর আগে টকশোতে নিলোফার চৌধুরী মনির দেওয়া বক্তব্য নিয়েও রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠনের বক্তব্য এবং পাল্টা বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক