সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মডেল স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা-২০২৬-এর ফলাফল উপলক্ষে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) শহরের মুজিব সড়কের মারওয়ারীপট্টি রোডে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আলহাজ শহীদুল আলম শহীদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান তালুকদার (রনজু)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করে এবং ভালো ফল অর্জনের আগ্রহ বৃদ্ধি করে। তিনি বলেন, "শিক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতিটি সাফল্য আমাদের গর্বিত করে। শহীদ মডেল স্কুল শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।"
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও যাদু প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি