ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠে চলমান সমাবেশে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য রাখার সময় সমাবেশস্থলের একপাশে ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এরপর সমাবেশের কার্যক্রমও অব্যাহত থাকে।
এর আগে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি সাভারে সমাবেশের আয়োজন করে।
ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রথম দর্পণ,ডেস্ক