গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হামলায় গুরুতর আহত এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পাগাড় এলাকার সালামের ইটভাটা গেটসংলগ্ন জামতলা সড়কে সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে হাসিব, আকাশ ও ইমরান হাসান অনিকের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালানো হয়। এতে হাসিবসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় আহত হয়েছেন আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযান চালিয়ে একই এলাকার জোবায়ের হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আয়াত আলীর ছেলে বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার জোবায়ের হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক