১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জমুখী নাহিদ-হাসনাত, উত্তপ্ত পরিস্থিতিতে অনড় এনসিপি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, ০৫:০১ বিকাল
  • ২০৪৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই বুধবারের কর্মসূচিতে অংশ নিতে হবিগঞ্জের পথে রয়েছেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার রাতে এনসিপি হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে একই স্থানে বিএনপি ও ছাত্রদলও কর্মসূচি ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করে।

তবে প্রশাসনের এ সিদ্ধান্তের পরও কর্মসূচি পালনের প্রস্তুতি অব্যাহত রেখেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম আগে থেকেই হবিগঞ্জে অবস্থান করছেন।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, কেন্দ্রীয় নেতারা কর্মসূচিস্থলের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। ১৪৪ ধারার মধ্যে কীভাবে কর্মসূচি পালন করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আহ্বায়কসহ কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছানোর পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এবং কর্মসূচি শেষে ফেরার পথে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলার অভিযোগ ওঠে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

হামলার পর সারজিস আলমসহ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা রাতেই হবিগঞ্জ ত্যাগ করেন।

এসব ঘটনার পর বুধবার নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে এনসিপি। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের ১৪৪ ধারা জারির ফলে হবিগঞ্জজুড়ে বিরাজ করছে থমথমে ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad