বিএসএফের হাতে বাংলাদেশি আটক, জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ০৮:০৬ রাত
  • ৫২৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে এনেছেন স্থানীয়রা। বাংলাদেশি নাগরিক তমিজ উদ্দীনকে ফেরত না দিলে ভারতীয় নাগরিককেও ছেড়ে দেওয়া হবে না বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩০) স্থানীয়রা আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশে একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। পরে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন একজন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে অসাবধানতাবশত সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানান তারা।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, ‘আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গেছে। আমার বাবা বয়স্ক লোক। কানে শুনতে পায় না। চলতে পারে না বলেই চলে। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেওয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে দিয়ে দেব।’

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

সীমান্তে দুই দেশের নাগরিক আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad