তৃণমূলকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০১:০১ দুপুর
  • ৬৭২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার পাশাপাশি দল ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী—এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

রোববার (৯ আগস্ট) রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাঈদ আল নোমান, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ নেতারা গণমাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরেন।

সাঈদ আল নোমান বলেন, ‘প্রধানমন্ত্রী তৃণমূলের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। কর্মীদের আচরণই দলের পরিচয়। প্রত্যেকের আচরণ ও দলের প্রতি অবদানই বিএনপির যোগফল। সবাইকে জনগণের সেবক হওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানুষের উপকারে ইতিবাচক ভূমিকা রাখতে হবে এবং দলীয় কর্মকাণ্ডে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখতে হবে। এতে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে, একই সঙ্গে তাঁর সরকারও শক্তিশালী হবে।’

তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক সরকার তখনই শক্তিশালী হয়, যখন জনগণকে সঙ্গে নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে এবং তাদের পাশে থাকে। এ জন্য দলের নেতাকর্মীদের ঘরে-বাইরে সৌহার্দ্য ও ঐকমত্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাঈদ আল নোমান বলেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা আসতে পারে। তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। নির্বাচন ঘোষণা হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো ধরনের ভেদাভেদ না রেখে দলের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে বলা হয়েছে।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বারবার ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থীকে বিজয়ী করতে সুদৃঢ় ঐক্য নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।

একই সঙ্গে দল ও সরকারের ভাবমূর্তি বাড়াতে যেকোনো ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার এবং ভালো কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তোলা এবং সরকারের ভাবমূর্তি বাড়াতে তৃণমূল নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেও তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। তাঁকে কাছে পেয়ে নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত হয়েছেন।

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন যেন বিএনপির মাধ্যমে ঘটে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, সৎ, স্বচ্ছ ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়েই স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা বলা হয়েছে। এসব প্রার্থীকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad