চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন। রোববার দুপুরে বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত এই ক্যাম্পে আসা শিক্ষার্থীদের একজন, ফাইন্যান্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আহসান জারিফ চৌধুরী, জানান যে দীর্ঘদিন টনসিল সমস্যায় ভুগলেও ব্যস্ততার কারণে চিকিৎসা করাতে পারেননি। আজ ক্যাম্পে এসে তিনি জানতে পারেন—এটি টনসিলের ইনফেকশন থেকে হতে পারে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের যৌথ উদ্যোগে এ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ক্যাম্প উদ্বোধন করেন। কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত।
আয়োজকদের সূত্রে জানা গেছে, ক্যাম্পে অংশ নিতে প্রায় দুই হাজার শিক্ষার্থী নাম নিবন্ধন করেন। ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ১২টি বুথ স্থাপন করা হয়। এখানে কার্ডিওলজি, মেডিসিন ও ডায়াবেটিস, ফিজিও মেডিসিন, গাইনোকোলজি সহ ৮টি বিষয়ের চিকিৎসা দিয়েছেন প্রায় ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “নির্বাচনের সময় আমরা চিকিৎসাখাতের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্প। আমরা প্রতিমাসে এমন ক্যাম্প আয়োজনের চেষ্টা করব।”
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল হক জানান, “আজকের ক্যাম্পে বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন ডাক্তার ও নার্স অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা ভালো চিকিৎসা পাবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি চবি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য হাসপাতালে ৫০ শতাংশ ছাড়ের চুক্তি শিগগিরই বাস্তবায়ন হবে।

প্রথম দর্পণ,ডেস্ক