কাপ্তাইয়ের ১৬ জলকপাট ২ ফুট করে খোলা, কর্ণফুলীতে যাচ্ছে ৩৯ হাজার কিউসেক পানি

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
টানা দুই সপ্তাহের বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বেড়ে যাওয়ায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ২ ফুট করে খুলে দেওয়া হয়েছে। এতে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এ তথ্য জানিয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে স্পিলওয়ের ১৬টি গেট ২ ফুট করে খুলে দেওয়া হয়। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খোলা হয়েছিল। পরে রাত ১০টা ৩৫ মিনিটে গেট খোলার পরিমাণ আরও ৬ ইঞ্চি বাড়িয়ে ১ ফুট করা হয়। এতে পানি নিষ্কাশনের পরিমাণ বেড়ে প্রায় ১৮ হাজার কিউসেকে দাঁড়ায়।

সর্বশেষ রোববার সকালে প্রতিটি গেট ২ ফুট করে খুলে দেওয়ায় স্পিলওয়ের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ২ ফুট এমএসএল (মিন সি লেভেল)। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৮ ফুট এমএসএল।

এদিকে, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই একযোগে চালু করে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

কাপ্তাই বাঁধের জলকপাট খুলে পানি ছাড়ার ফলে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানির উচ্চতা বাড়তে পারে। এ অবস্থায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দা ও নৌযান চলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই সঙ্গে নদীর পানির পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad