সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের আহ্বান

সিরাজগঞ্জ প্রতিনিধি

‘সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ করি, পরিবেশ রক্ষা করি’—এই প্রত্যয়ে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এডমিকি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয় ও কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস।

প্রধান অতিথির বক্তব্যে শ্রী অমর কৃষ্ণ দাস বলেন, বৃক্ষ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।

তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং নিয়মিত তার পরিচর্যা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের হাত ধরেই একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব দেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শুধু গাছের চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতিটি শিক্ষার্থীকে চারা রোপণের পর সেটির পরিচর্যার দায়িত্ব নিতে হবে। একটি চারা রোপণ করে সেটিকে বড় করে তোলাই হবে প্রকৃত সাফল্য। পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রুহুল আকতার সোহেল, সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবু হাশিম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির নেতা আনিসুর রহমান এবং ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম লিটন।

এ সময় বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad