আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্বশীল হওয়ার আহ্বান শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ বিকাল
  • ৩২৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীন-সার্বভৌম একটি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমানের ভাষ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে না।

স্থানীয় সরকার নির্বাচন পেছানো নিয়ে কমিশনের সমালোচনা

বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, কমিশনের ব্যর্থতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পেছানো হয়েছে। তিনি নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলেও মন্তব্য করেন।

জ্বালানি ও বিদ্যুতের দাম নিয়ে উদ্বেগ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শফিকুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবে ইতোমধ্যে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জামায়াতের বিশেষজ্ঞ দলের দেওয়া সুপারিশ ও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি বলেও দাবি করেন তিনি।

রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তাঁর দল বিভিন্ন কর্মসূচি পালন করলেও অগ্নিসংযোগ বা ভাঙচুরের মতো সহিংস কর্মকাণ্ডে জড়িত নয়। একই সঙ্গে তিনি সরকারকে শান্ত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

‘অ্যাক্রেডিটেশন’ অর্জন গৌরবের, ধরে রাখা আরও কঠিন

এদিকে একই দিন নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে মাত্র আটটির তালিকায় স্থান করে নিয়ে অ্যাক্রেডিটেশন অর্জন করা গৌরবের মাইলফলক। তবে এ অর্জন ধরে রাখা এবং এর মর্যাদা রক্ষা করা আরও কঠিন দায়িত্ব।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌসের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ মতিন ও মো. ফখরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা পরিচালক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুয়াজ্জিন মাওলানা জাদুল আহমদ।

এর আগে সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad