নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার ব্যবসায়ী ও রুচিরা বেকারির মালিক আব্দুল গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলেন।
নিহতের ফুফাতো ভাই ও সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন জানান, শুক্রবার সন্ধ্যায় প্রাণিসম্পদ অফিস মোড়ে নবঘোষিত যুবদল ও ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে সভা শেষ হওয়ার পর জাকারিয়া পশু হাসপাতালের গেটের সামনে কয়েকজনের সঙ্গে চা পান করছিলেন।
এ সময় একদল বখাটে ও সন্ত্রাসীর সঙ্গে চায়ের দোকানদারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকারিয়া চায়ের দোকানদারকে রক্ষা এবং মারামারি ঠেকাতে এগিয়ে যান।
অভিযোগ করা হয়েছে, তখন ওই দলের এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে একাধিকবার আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো. শাহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক