সিরাজগঞ্জে সেনা সদস্য পরিচয়ে জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোমিন সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী মো. রুহুল আমীন। বৈধভাবে ক্রয় করা জমি নির্বিঘ্নে ভোগদখল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল আমীন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমীন দাবি করেন, তিনি সংশ্লিষ্ট জমি বৈধভাবে ক্রয় করেছেন। জমিটির প্রয়োজনীয় দলিলপত্র ও নামজারি (খারিজ) তাঁর কাছে রয়েছে। কিন্তু জমিতে কাজ করতে গেলে মোমিন সরকার তাঁকে বাধা দিচ্ছেন এবং সেনা সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন।
রুহুল আমীন বলেন, ‘প্রয়োজনীয় কাগজপত্র ও নামজারি থাকা সত্ত্বেও নিজ জমিতে কাজ করতে গেলে আমাকে বাধা দেওয়া হচ্ছে। এ কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছি।’
তিনি আরও জানান, এ ঘটনায় তিনি ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিজের বৈধ সম্পত্তি ভোগদখল ও সেখানে স্বাভাবিকভাবে কাজ করার সুযোগের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
রুহুল আমীন বলেন, ‘আমি আমার বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে চাই। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে অভিযুক্ত মোমিন সরকারের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অভিযোগগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি