ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়াচ্ছে দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ বিকাল
  • ৪৭৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে দ্রুত ছড়িয়ে পড়েছে ‘নর্তে’ নামের দাবানল। আগুনের বিস্তার ঠেকাতে এবং বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সান ক্লেমেন্তে ও সান হুয়ান ক্যাপিস্ট্রানো এলাকার প্রায় ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রায় ১৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সান হুয়ান ক্যাপিস্ট্রানো এলাকায় অন্তত ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ পুড়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে স্থল ও আকাশপথে ব্যাপকভাবে কাজ করছেন দমকলকর্মীরা। আগুন নেভাতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।


অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির তথ্য অনুযায়ী, নর্তে দাবানলে প্রায় ১৮৮ হেক্টর (৪৬৫ একর) এলাকা পুড়ে গেছে। তবে ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণ সংস্থা ক্যাল ফায়ার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আগুনে প্রায় ২৩১ হেক্টর (৫৭০ একর) এলাকা পুড়ে গেছে।


কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের আগুনের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। দুই শহরেই বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।


উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় বাড়ছে ঝুঁকি


দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি প্রবল সান্তা আনা বাতাসকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভ্যন্তরীণ এলাকা থেকে ক্যালিফোর্নিয়ার উপকূলের দিকে প্রবাহিত এই বাতাস সাধারণত উষ্ণ ও শক্তিশালী হয়ে থাকে।


দীর্ঘ সময় বৃষ্টিপাত না হওয়ায় শরৎকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গাছপালা ও ঝোপঝাড় অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে। ফলে এ সময়ে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়।


পূর্বাভাসদাতাদের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। শুক্রবার বাতাসের তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা ছিল। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অনুকূল উচ্চ তাপমাত্রা ও কম আর্দ্রতার পরিস্থিতি শনিবার রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


প্রবল বাতাসে বিদ্যুতের তার থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে নতুন করে আগুনের সূত্রপাত বা বিদ্যমান দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ঝুঁকি কমাতে বিদ্যুৎ সরবরাহ নিয়েও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় পড়েছেন।


আরও দুই দাবানলে ব্যস্ত দমকলকর্মীরা


ক্যালিফোর্নিয়ার আরও দুটি এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।


এর মধ্যে ‘ব্রাইসন ফায়ার’ নামে একটি দাবানলের সূত্রপাত হয় বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির মালিবু সমুদ্রসৈকত এলাকার উপকণ্ঠে। ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আগুনে প্রায় ৫৯ হেক্টর (১৪৭ একর) এলাকা পুড়ে গেছে। এর মধ্যে ১৭ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


অন্যদিকে, সান দিয়েগো কাউন্টিতে ‘হেন্ডারসন ফায়ার’ নামে আরেকটি দাবানলে শুক্রবার পর্যন্ত প্রায় ৮৪২ হেক্টর (২ হাজার ৮০ একর) এলাকা পুড়ে গেছে। ক্যাল ফায়ার জানিয়েছে, আগুনটির প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।


হেন্ডারসন ফায়ারে মেরিন কোরের ক্যাম্প পেন্ডলটন ঘাঁটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণে কয়েকটি মহাসড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।


দাবানল নিয়ন্ত্রণে দমকলকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad