যাত্রার শুরুতে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আর্মানিটোলার বাস খুঁজছিলাম। কোন বাসে উঠতে হবে, তা জানা ছিল না। শেষ পর্যন্ত বাবুবাজারগামী একটি বাসে চড়ে বসি। ভ্যাপসা গরমে বাসের পাখাও যেন ক্লান্ত। এমন পরিস্থিতিতে মাথায় ভেসে ওঠে বাবার বলা কয়েকটি পঙ্ক্তি—
‘আব্বা কইতো
বাঁচলে বাঁচার মতো বাঁচ
স্রোতে ভাসে তো মরা মাছ।’
আর্মেনীয় চার্চে ইতিহাসের ছোঁয়াএক ভদ্রলোকের সহায়তায় পৌঁছাই আর্মেনীয় চার্চের ফটকে। খাতায় নাম লিখে ভেতরে ঢুকতেই চোখে পড়ে খ্রিষ্টান সমাধিক্ষেত্র। মাঝখানে দাঁড়িয়ে আছে আর্মেনীয় চার্চ। ১৭৮১ সালে আর্মেনীয় ব্যবসায়ী আগা মিনাস ক্যাচিকের উদ্যোগে নির্মিত এই গির্জা পুরান ঢাকার ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন।
চার্চের ভেতরে হাঁটতে হাঁটতে দেখা মেলে প্রাচীন সমাধিফলকের। কোনো কোনো ফলকে আর্মেনীয় ভাষার ব্যবহারও চোখে পড়ে। একপাশে যিশুখ্রিষ্টের অবয়ব, অন্যদিকে লাল রঙের একটি ভবন। ভবনের সামনে লেখা—‘দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।’
অনেক সমাধিফলকে নাম-পরিচয় নেই। প্রাচীন এসব সমাধির সামনে দাঁড়িয়ে মনে প্রশ্ন জাগে, মৃত্যুর পরও মানুষের পরিচয় কতটা গুরুত্বপূর্ণ? আমাদের নাম রাখে পরিবার, কিন্তু আদমের নাম কে রেখেছিল?
তারকা মসজিদ থেকে করতলব খান মসজিদআর্মানিটোলার অলিগলি পেরিয়ে পৌঁছাই তারা মসজিদে। মসজিদের সামনে তারকা আকৃতির ঝরনা। ভেতরে-বাইরে নকশার প্রধান অনুষঙ্গ তারকা। স্থাপত্যের এই বৈশিষ্ট্যই মসজিদটিকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়।
মসজিদ প্রাঙ্গণে পৌঁছানোর পরপরই শুরু হয় বৃষ্টি। বারান্দায় আশ্রয় নেন দুই বিদেশি পর্যটক। বৃষ্টি থামলে আবার হাঁটা শুরু।
পরবর্তী গন্তব্য করতলব খান মসজিদ। মুর্শিদকুলি খানের পূর্বনাম ছিল করতলব খান। ধারণা করা হয়, ১৭০০ থেকে ১৭০৪ সালের মধ্যে মসজিদটি নির্মিত হয়।
বাইরে থেকে মসজিদটির অস্তিত্ব সহজে চোখে পড়ে না। সরু পথ ও সিঁড়ি পেরিয়ে ভেতরে ঢুকতেই দেখা মেলে পাঁচটি গম্বুজের। মসজিদের সঙ্গে রয়েছে দেশের একমাত্র বাওলি বা ধাপযুক্ত কুয়া বলে পরিচিত একটি স্থাপনা। ওপরের অংশ থেকে মসজিদের সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে।
চারপাশের ব্যস্ত নগরজীবনের মাঝেও মসজিদটির পরিবেশে রয়েছে এক ধরনের নিভৃত ভাব। মনে হয়, ইতিহাসের সঙ্গে একান্তে কথা বলার জন্যই যেন এই স্থাপনার জন্ম।
চকবাজারের মসজিদ ও মোগল স্থাপত্যচকবাজার শাহী জামে মসজিদের দিকে যাত্রা শুরু করি। মসজিদের ফলক থেকে ধারণা করা হয়, ১৬৬৪ খ্রিষ্টাব্দে সুবেদার শায়েস্তা খানের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। পুরান ঢাকার অন্যতম প্রাচীন এই মসজিদে মোগল স্থাপত্যের ছাপ স্পষ্ট।
মসজিদের বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন অনেকে। বিশাল পরিসরের এই স্থাপনা যেন ব্যস্ত নগরজীবনের মধ্যে একটুকরো প্রশান্তি।
এরপর ছোট কাটরা ও বড় কাটরা। শায়েস্তা খানের আমলে নির্মিত ছোট কাটরা এখন অনেকটা তোরণের মতো। আশপাশে দোকানপাটের ভিড়ে ঐতিহাসিক স্থাপনাটির গুরুত্ব যেন আড়ালে পড়ে গেছে।
বড় কাটরার অবস্থাও প্রায় একই। একসময়ের সরাইখানা এখন জীর্ণতার ভারে নুয়ে পড়েছে। স্থাপত্যের অবশিষ্টাংশ দেখেই কল্পনা করতে হয় এর অতীতের জৌলুশ।
চকবাজারের পাশেই পুরোনো কেন্দ্রীয় কারাগার। দূর থেকে তাকালে এর স্থাপত্যে কারাগারের চিরাচরিত রূপ খুঁজে পাওয়া কঠিন। পাশেই প্রিজন সেন্টার মসজিদ। লাল রঙের স্থাপত্যে চোখ আটকে যায়।
হুসাইনি দালান থেকে ঢাকেশ্বরী মন্দিরএরপর পৌঁছাই হুসাইনি দালানে। এখান থেকেই শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়। কথিত আছে, শাহ সুজার সময়ে মীর মুরাদ এটি নির্মাণ করেন।
হুসাইনি দালানের পাশেই রয়েছে একটি পুকুর। ভেতরে ঢুকতেই চোখে পড়ে একটি কবর। এর বিপরীত দিকে খোতবা হল। স্থাপত্যে ইরানি রীতির প্রভাবও দেখা যায়। মূল ফটক দিয়ে বের হলেই দেখা মেলে হুসাইনি দালান মসজিদের।
পরবর্তী গন্তব্য ঢাকেশ্বরী মন্দির। ঢাকার জাতীয় মন্দির হিসেবে পরিচিত এই স্থাপনাটি নিয়ে প্রচলিত ধারণা, সেন রাজা বল্লাল সেন এটি নির্মাণ করেন। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ চারটি অভিন্ন শিবমন্দির।
পুরান ঢাকার ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি যেন এসব স্থাপনা। একই এলাকার মধ্যে মসজিদ, মন্দির ও গির্জার উপস্থিতি ঢাকার দীর্ঘ ইতিহাসের সাক্ষ্য বহন করে।
দিনের শেষ গন্তব্য লালবাগ কেল্লাবিকেল ৪টা ৪০ মিনিটে পৌঁছাই লালবাগ কেল্লার পথে। পুরোনো গলি ধরে হাঁটতে হাঁটতে টিকিট কাউন্টারের সামনে এসে দেখি, একটি কাউন্টার বন্ধ হয়ে গেছে। তবে শেষ টিকিটটি তখনো বিক্রি হয়নি। সেটিই হাতে নিয়ে প্রবেশ করি কেল্লায়।
সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বিকেলের আলোয় লালবাগ কেল্লাকে মনে হচ্ছিল নতুন পাকা টমেটোর মতো। দূর থেকে দেখা যায় দুর্গের প্রাচীন দেয়াল, কবর ও স্থাপত্যের নানা অংশ।
কেল্লার একপাশে রয়েছে গোপন সুড়ঙ্গ। ফটক বন্ধ থাকায় ভেতরে প্রবেশের সুযোগ নেই। সুড়ঙ্গটির ব্যবহার নিয়ে মনে নানা প্রশ্ন জাগে। ঘোড়ার গাড়ি নিয়ে কি কখনো এই পথ দিয়ে ছুটে যেতেন কেউ?
কেল্লা থেকে বের হওয়ার আগে দেখা মেলে সূর্যাস্তের। ঢাকার ব্যস্ত নগরজীবনের মধ্যে এমন সূর্যাস্ত যে দেখা যায়, তা যেন ভুলেই গিয়েছিলাম।
কেল্লার পাশের মসজিদের বারান্দায় বসে বিশ্রাম নিই। সামনে লালবাগ কেল্লা, চারপাশে সন্ধ্যার আলো। মসজিদের পিলারে ফাটল, দেয়ালে সময়ের ক্ষত। মনে হয়, কত শতাব্দী ধরে ইতিহাসের ভার বয়ে চলেছে এই স্থাপনা।
যাঁরা এসব স্থাপনা নির্মাণ করেছিলেন, তাঁদের অনেকের নাম আজ আর জানা নেই। হারিয়ে গেছে কারিগর, নকশাকার ও নির্মাতাদের পরিচয়। তবু তাঁদের রেখে যাওয়া স্থাপত্য এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে।
পুরান ঢাকার এক দিনের এই ভ্রমণ যেন কেবল কয়েকটি স্থাপনা দেখা নয়; বরং সময়ের ভেতর দিয়ে হেঁটে যাওয়া। ইতিহাসের গলি পেরিয়ে বর্তমানের ব্যস্ততায় ফিরে আসার আগে মনে হয়, পুরান ঢাকা তার পুরোনো সৌন্দর্য ও স্মৃতি নিয়ে এখনো আমাদের অনেক কিছু বলার অপেক্ষায় আছে।
লেখক: সিয়াম, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রথম দর্পণ,ডেস্ক