জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকদের প্রায় ২ লাখ টাকা বিনিয়োগের পাশাপাশি আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির আশা ভেঙে গেছে।
মঙ্গলবার সকালে জমিতে গিয়ে শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান কৃষকেরা। এ ঘটনায় তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।
স্থানীয়দের ভাষ্য, উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ কৃষক। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে তাঁরা গাছের পরিচর্যা করছিলেন। ইতিমধ্যে গাছে ফুল আসার পাশাপাশি শিম ধরতে শুরু করেছিল। আর দুই সপ্তাহ পর শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের।
কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা ক্ষেতের শিমগাছের গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকেরা। এতে তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম ও প্রত্যাশিত আয় নষ্ট হয়েছে।
স্থানীয় আতাউল মোল্লা বলেন, “এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না।” তিনি ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক আফছার বলেন, “ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলাম। ওই জমির শিম বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয় করার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে এখন আমি সর্বস্বান্ত।” তিনি ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী তাঁদের সহযোগিতা করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক