গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় একটি পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক আন্দোলনের কারণে গাজীপুরের ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় একটি পোশাক কারখানায় ভাঙচুর চালান শ্রমিকরা। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নেমে আসেন। দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের মধ্যে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে ভেতরে ও বাইরে কাঠখড় দিয়ে আগুন ধরিয়ে দেন। একই সময়ে মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার ও কাঠখড় জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
সংঘর্ষের কারণে দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বেলা ১টা ৫৩ মিনিটে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘অনেক জায়গায় আগুন দিয়েছে। পুলিশ বক্সে আগুনের বিষয়টি জেনে বলতে হবে।’ এ সময় তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক