যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৫ দুপুর
  • ৭৬৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনা; আহতদের মধ্যে কাতারগামী দুই প্রবাসী

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কাতারগামী দুই প্রবাসী রয়েছেন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

আহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা কাতারগামী কাওসার হোসেন রুবেল (৩১) ও আলামিন (৩০), এবং তাঁদের স্বজন মো. বশির (৩৩)।

হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতারগামী ফ্লাইট ছিল। সকালে তাঁরা শনির আখড়ার রায়েরবাগ বাগানবাড়ি মসজিদের সামনের বাসা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় মূল সড়কের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বিমানবন্দরে যাওয়ার কথা ছিল তাঁদের। তাঁদের সঙ্গে ছিলেন বশির।

বশিরের স্ত্রীর ভাষ্য, রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে জোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। স্বজনেরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তিনজন জরুরি বিভাগে চিকিৎসাধীন।

তথ্যসূত্র: ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ও স্বজনদের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad