অনুমতি না থাকায় কুমিল্লায় তাহেরীর মাহফিল বন্ধ, এলাকায় উত্তেজনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ দুপুর
  • ১০৭৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর পূর্বনির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এ মাহফিল বন্ধ করা হয়। তাহেরীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদ ও পাল্টা কর্মসূচির হুমকিতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার দুপুরে অলিরবাজারে এ মাহফিল হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার থেকেই তাহেরীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তাঁকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন তাঁরা।

শুক্রবার অনুমতি না থাকায় মাহফিল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে অলিরবাজারে কোনোভাবেই মাহফিল করতে দেওয়া হবে না। তিনি সেখানে মাহফিল করতে এলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।

অন্যদিকে, তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, ‘যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের প্রোগ্রাম করব।’

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad