শিক্ষকদের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব, ক্লাস বন্ধ করে রাজপথে আসবেন না: শিক্ষামন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ বিকাল
  • ৬৯৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। একই সঙ্গে ক্লাস বন্ধ রেখে রাজপথে আন্দোলনে না আসার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যাগুলো সরকারই সমাধান করবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।


শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।


শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, যৌক্তিক দাবির জন্য শিক্ষকদের রাজপথে আসতে হবে না। আমিও তাঁর সঙ্গে একমত। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করব। তবে আপনারা ক্লাস বাদ দিয়ে রাজপথে আসবেন না। এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান আমরাই করব। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।


তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে।


শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে পরিকল্পিত ও সুষম বণ্টনের অভাবের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।


শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


এভিয়েশন খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও প্রয়োজনীয় জনবল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


আগামী দিনের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad