শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী মহান বিজয় দিবস ২০২৬ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব মাদ্রাসাকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
বিজয় দিবসে পাঁচ কর্মসূচিবিজয় দিবস উদযাপনে মাদ্রাসাগুলোকে পাঁচটি কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ, বিজয়মেলা ও প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।
নির্দেশনায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা প্রতিটি মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।
একই দিন সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিজয় দিবসে প্রতিটি মাদ্রাসায় সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভাশহীদ বুদ্ধিজীবী দিবস পালন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচি অনুযায়ী মাদ্রাসাগুলোকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
এ উপলক্ষে প্রতিটি মাদ্রাসায় নিজস্ব সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বোর্ড।

প্রথম দর্পণ,ডেস্ক