বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং আর্থিক খাতের অনিয়ম দূর করতেও সরকার কাজ করছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এ সময়ে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম ও অর্থপাচারের কারণে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংকট তৈরি হয়েছে। গত ১৫ বছরে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনে বড় ধরনের দুর্বলতা দেখা দিয়েছে। ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে অসাধু আঁতাতের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি দুর্নীতির চক্রে আটকে পড়েছে।
ব্যাংকিং খাতের সংকট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৬ সালের জুন শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। এটি মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। আর্থিক খাতের প্রকৃত অবস্থা নিরূপণে ঋণ শ্রেণিকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে দেশে ফিরিয়ে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক