মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের ভূমিকা অক্ষুণ্ণ রাখার দাবি কেয়ারটেকার পরিষদ। সম্প্রতি জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ বহাল রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নীতিমালার ২৯(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের ফিল্ড অফিসার ও মডেল কেয়ারটেকাররা তাঁদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তর করবেন এবং মসজিদ পরিচালনায় সার্বিক সহযোগিতা করবেন।
পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো স্বার্থান্বেষী মহলের অপতৎপরতায় যেন নীতিমালার এই বিধান বাতিল বা পরিবর্তন করা না হয়। মডেল মসজিদের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল রাখতে কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের নির্ধারিত ভূমিকা বহাল রাখা জরুরি।
নতুন নীতিমালায় সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ২০২১ সালের আগের নীতিমালা রহিত করা হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের পাঠাগার মডেল মসজিদে স্থানান্তর, প্রকল্পের বিধান অনুযায়ী জনবলের সম্মানী ও ব্যয় নির্বাহ এবং প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের মধ্য থেকে প্রতিটি মডেল মসজিদে অন্তত একটি শিক্ষাকেন্দ্র স্থানান্তরের বিধান রাখা হয়েছে।
পরিষদের নেতারা জানান, মাঠপর্যায়ে ধর্মীয় শিক্ষা বিস্তার, মক্তব পরিচালনা ও শিশুদের নৈতিক শিক্ষায় মডেল কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মডেল মসজিদে তাঁদের দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত এই কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।
তবে নীতিমালার ২৯(১) অনুচ্ছেদের বিধান নিয়ে একটি মহল বিরোধিতা বা পরিবর্তনের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। এ অবস্থায় বিধানটি বহাল রাখা এবং মডেল কেয়ারটেকারদের কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্বের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে পরিষদ।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক