শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় একটি সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে। সাড়ে ছয় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত সড়কটির অন্তত চারটি স্থানে বড় ধরনের ফাটল এবং কয়েকটি স্থানে ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কটির নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় সড়কটির এমন বেহাল অবস্থা হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে। এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী।
এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটিতে বরাদ্দ দেওয়া হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। তবে কাজ শেষ হওয়ার এক সপ্তাহ না পেরোতেই প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়। ওই অংশে পিচের আস্তরণসহ নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের আরও অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, ফাটল ধরা অংশগুলো আরও ভেঙে পড়লে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং পুরো সড়কের নির্মাণকাজের মান নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
অভিযোগের বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণ এবং নির্মাণকাজের মান সম্পর্কে জানতে চাইলে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।
নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় সড়কের এমন পরিস্থিতি তৈরি হওয়ায় প্রকল্পের কাজের মান, তদারকি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক