করাচিতে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ দুপুর
  • ৭৫০৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার না করে হাতে তল্লাশি, গ্রেপ্তার ৪

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে ছয়তলা একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। একজন এখনো চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকারী দল রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতি হওয়ার পাশাপাশি ভবনের অবশিষ্ট কাঠামো আরও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে ছোট ছোট ফাঁক তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

মামলায় আসামি ১০, গ্রেপ্তার ৪

ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে মামলা করেছে পুলিশ। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এতে ১০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ১৪ জনকে বের করে আনা হয়েছে। পরে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়।

ঘটনাস্থলে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো ছড়িয়ে রয়েছে। পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এলাকায় ধসে পড়া ভবনটির ধ্বংসাবশেষ কয়েক তলা সমান উঁচু হয়ে আছে। উদ্ধারকর্মীরা ইট ও কংক্রিট সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ঘটনাস্থলের কাছে স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে নিখোঁজ স্বজনদের সন্ধানে ভিড় করছেন অনেকে। তাঁরা নিখোঁজ ব্যক্তিদের ছবি উদ্ধারকর্মী ও কর্মকর্তাদের দেখিয়ে তাঁদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন।

নির্মাণ ত্রুটি ও নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে করাচি

পাকিস্তানে ভবনধসের ঘটনা নতুন নয়। দেশটিতে অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করাকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচি পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত। বিশাল এই মহানগরীতে নিম্নমানের নির্মাণকাজ, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণবিধি কার্যকরে দুর্বলতার মতো সমস্যা দীর্ঘদিনের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। এর আগে গত বছরের জুলাইয়ে শহরটির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে প্রাণ হারান ২৭ জন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad