শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলীয় সমুদ্রসীমায় ইরানের আকাশসীমার কাছাকাছি চলে এসেছিল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি। এ সময় বিমানটি কয়েকটি জাহাজকে পাহারা দিচ্ছিল এবং সেগুলোকে আকাশপথে নিরাপত্তা দিচ্ছিল। জাহাজগুলো সামুদ্রিক চলাচলসংক্রান্ত নিয়ম লঙ্ঘন করছিল বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
ইরানের বিপ্লবী গার্ড কোর জানায়, তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মার্কিন যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপর বিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে কৌশলগতভাবে সেখান থেকে সরে যায়।
এদিকে হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণে নির্ধারিত নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে আইআরজিসি। তাদের হুঁশিয়ারি, এ ধরনের নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি, পক্ষ এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে।
আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের আকাশসীমার নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। যুক্তরাষ্ট্রের বিমান বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে।
তবে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি পিছু হটার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য বা স্বাধীনভাবে ঘটনার সত্যতা যাচাইয়ের তথ্য মূল প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: আলজাজিরা ও ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক