শুক্রবার (২৭ নভেম্বর) সকালে প্রায় তিন মিনিটের ওই ফোনালাপের রেকর্ডিং প্রতিবেদকের হাতে আসে। এতে মামুন নামে এক ব্যক্তির সঙ্গে বিপ্লবকে কথা বলতে শোনা যায়।
রেকর্ডিংয়ে বিপ্লবকে বলতে শোনা যায়, ‘৫-৬টা গেরিলা হোলাইন রাইখবি, যেগুন বিশ্বস্ত। হেগুনরে এলাকায় স্টাবলিশ করে দিয়াম। হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন ৮-১০টারে মারি হালাইবো।’
এ ছাড়া কথোপকথনে বাড়িঘরে হামলা, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের লক্ষ্যবস্তু করা এবং নির্দিষ্ট কয়েকজনকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শোনা যায়। একই সঙ্গে নারী, শিশু, বৃদ্ধ ও ধর্মীয় উপকরণের ক্ষতি না করার কথাও বলা হয়।
রেকর্ডিংয়ের একপর্যায়ে বিপ্লবকে বলতে শোনা যায়, কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিকে গেরিলা হিসেবে প্রস্তুত করে এলাকায় প্রতিষ্ঠিত করা হবে। সময় অনুকূলে এলে সংকেত দিয়ে বিএনপি-জামায়াতের ৮ থেকে ১০ জনকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে অন্য কাউকে না জানাতেও কথোপকথনে সতর্ক করা হয়।
মিছিল ও রাজনৈতিক তৎপরতার কথাও রয়েছেফোনালাপের শুরুতে বিপ্লবকে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পরিকল্পনার কথা বলতে শোনা যায়। তিনি বলেন, জেলা যুবলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন রাজনৈতিক কার্যক্রম এলোমেলো থাকায় তিনি আবার সক্রিয় হওয়ার কথা ভাবছেন।
কথোপকথনে দুই-তিনটি ইউনিয়ন থেকে দেড় শতাধিক লোক জড়ো করে ব্যানার নিয়ে মিছিল করার পরিকল্পনার কথাও রয়েছে। ওই মিছিলের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচারের বিষয়ে আলোচনা করতে শোনা যায় তাঁকে।
এ ছাড়া শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর বাবা এম এ তাহেরের ছবি সংবলিত ব্যানার ব্যবহারের কথা বলেন বিপ্লব। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান রাখার কথাও শোনা যায়।
এআই দিয়ে তৈরি, দাবি বিপ্লবেররেকর্ডিংয়ের বিষয়ে আফতাব উদ্দিন বিপ্লব বলেন, ‘রেকর্ডিংটি আমারও নজরে এসেছে। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও হয়েছে, এখনও হচ্ছে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, রেকর্ডিংটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। গোপনে থেকে নাশকতা করার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে।
হত্যা মামলায় দণ্ডিত ছিলেন বিপ্লবআফতাব উদ্দিন বিপ্লব লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এম এ তাহেরের বড় ছেলে। তাঁর বড় ভাই একেএম সালাহ উদ্দিন টিপু জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
২০০০ সালের ১৮ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর শহরের বাসা থেকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী নুরুল ইসলামকে অপহরণের পর হত্যা করা হয়। বহুল আলোচিত এ হত্যা মামলায় ২০০৩ সালে বিপ্লবসহ পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।
২০১১ সালের ৪ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করেন বিপ্লব। পরে তাঁর বাবা আবু তাহের ছেলের প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। ওই বছরের ১৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর মৃত্যুদণ্ড মওকুফ করেন। পরবর্তী সময়ে আরও দুটি হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়। ২০১২ সালে ফিরোজ হত্যা মামলা থেকেও রাজনৈতিক বিবেচনায় তাঁর নাম প্রত্যাহার করা হয়। ২০১৮ সালের ৯ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান বিপ্লব।
জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুরে জুলাই আন্দোলন চলাকালে বিপ্লবদের বাড়ির সামনে তমিজ মার্কেট ও শহরের মাদাম ব্রিজ এলাকায় চার শিক্ষার্থীসহ ১২ জন নিহত হন। নিহত অন্য আটজন যুবলীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন।
শিক্ষার্থীদের হত্যার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিপ্লবসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলাগুলোর অভিযোগপত্র পুলিশ আদালতে জমা দিয়েছে বলে জানা গেছে।
২০২৪ সালের ৪ আগস্টের পর থেকে বিপ্লব, তাঁর দুই ভাই টিপু ও শিবলু সপরিবারে পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক