ঢাকা-কক্সবাজার রুটে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রেলসেবা হিসেবে যুক্ত হচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’। এতদিন ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করলেও এবার এর যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ চলাচল করছে। এসব ট্রেন সীমিত স্টেশনে বিরতি দিলেও নতুন ‘মহানগর এক্সপ্রেস’ এ রুটে একাধিক স্টেশনে যাত্রাবিরতি করবে।
বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। এরপর পরদিন সকাল ৬টায় কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে পৌঁছাবে ট্রেনটি।
ফেরার পথে কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে চট্টগ্রামে দুপুর ১২টা ১০ মিনিটে যাত্রাবিরতি করবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।
রেলওয়ে সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসে মোট ১৬টি কোচ থাকবে। ট্রেনটির আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬ করা হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের সর্বনিম্ন ভাড়া শোভন চেয়ারে ৬৮৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া এসি শ্রেণিতে ১ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার-চট্টগ্রাম অংশে সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং সর্বোচ্চ ৫৪৭ টাকা।
ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। নতুন রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি থাকছে না।
বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী, যাত্রীরা Rail Sheba অ্যাপ/ওয়েবসাইট এবং রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। ঢাকা থেকে ২৬ অক্টোবরের যাত্রার টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে। একইভাবে কক্সবাজার থেকে ঢাকামুখী ২৭ অক্টোবরের টিকিটও বুকিংয়ের জন্য রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কক্সবাজার যাতায়াত আরও সহজ হবে। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর যাত্রীদের সময় ও ভোগান্তি কমবে। পাশাপাশি পর্যটননির্ভর কক্সবাজারের হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসায়ও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
কক্সবাজার রেলস্টেশনের ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, মহানগর এক্সপ্রেসের পাশাপাশি আগের মতোই কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটন এক্সপ্রেস ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক