তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ কর্মসূচি চালু করেছে সরকার। শুক্রবার থেকে শুরু হওয়া বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কেনার সুযোগ পাচ্ছেন।
নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় পোশাকশ্রমিকদের জন্য এ বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।
সরকারের এ উদ্যোগে বাজারদরের তুলনায় কম দামে চাল কেনার সুযোগ পাচ্ছেন শ্রমিকেরা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা শ্রমজীবী মানুষের সংসারের খাদ্য ব্যয় কমাতে কর্মসূচিটি সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ছয় এলাকায় ৬৬টি ট্রাকে চাল বিক্রি
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে পাঁচ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এলাকাভিত্তিক চাল বিক্রির পরিমাণ হলো—
ঢাকা মহানগরী: ৬টি ট্রাকে ৩০ মেট্রিক টন।
সাভার: ৮টি ট্রাকে ৪০ মেট্রিক টন।
ধামরাই: ২টি ট্রাকে ১০ মেট্রিক টন।
গাজীপুর: ৩০টি ট্রাকে ১৫০ মেট্রিক টন।
নারায়ণগঞ্জ: ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন।
চট্টগ্রাম: ১০টি ট্রাকে ৫০ মেট্রিক টন।
শুক্রবার দুই দফায় বিক্রি
প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রি করা হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। তবে চালের মজুত থাকা সাপেক্ষে বিক্রি অব্যাহত থাকবে।
কর্মসূচির সুবিধা নিতে পোশাকশ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি চাল সংগ্রহের সময় সংশ্লিষ্ট কারখানার মাস্টার রোলে স্বাক্ষর করতে হবে। এর মাধ্যমে প্রকৃত পোশাকশ্রমিকদের কাছে সুবিধা পৌঁছানো নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে।
তদারকিতে মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর
খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব দল সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এ ছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
কর্মসূচির প্রথম দিন শুক্রবার সকাল থেকেই নির্ধারিত ট্রাকসেল কেন্দ্রগুলোতে পোশাকশ্রমিকদের উপস্থিতি দেখা যায়। শ্রমিকেরা পরিচয়পত্র প্রদর্শন ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করেন।
নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করতে সরকার নিয়মিত ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য পৃথক এই বিশেষ কর্মসূচি চালু করা হলো। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, এ উদ্যোগ শ্রমিকদের খাদ্য ব্যয় কমানোর পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

প্রথম দর্পণ,ডেস্ক