ঠাকুরগাঁওয়ে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। মঙ্গলবার ভোরে জেলার তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় সড়ক, মাঠঘাট ও জনপদ ঢেকে থাকে কুয়াশার চাদরে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় যানবাহনগুলোকে।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শীত নিবারণে অনেকে বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। সূর্য উঠলেও মিলছে না কাঙ্ক্ষিত রোদ।
জেলায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র না থাকায় তাপমাত্রার নির্ভরযোগ্য স্থানীয় পরিমাপ পাওয়া যাচ্ছে না। কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে।
দেবীপুর এলাকার বাসিন্দা স্যামাউন হক জানান, গত কয়েক দিনের তুলনায় মঙ্গলবার বেশি শীত অনুভূত হয়েছে। তাঁর আশঙ্কা, দিন দিন শীতের তীব্রতা আরও বাড়বে। এ সময় আলুসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিতে হয়। শীতের প্রকোপ বাড়লে কৃষিকাজে কিছুটা ভোগান্তি হতে পারে বলেও জানান তিনি।
হলপাড়া এলাকার শিক্ষার্থী মজিবুর রহমান বলেন, সকালে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ঠান্ডায় হাত-পা যেন হিম হয়ে যাচ্ছে।
ঠান্ডাজনিত রোগে হাসপাতালে শতাধিক শিশু
শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার শিশু বিভাগে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শতাধিক শিশু ভর্তি হয়েছে।
শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহজাহান নেওয়াজ জানান, এবার নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কিছুটা দেরিতে এ অঞ্চলে শীতের আগমন ঘটেছে। তবে শীতের শুরুতেই শিশুরা বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশুদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না নেওয়া এবং পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক