শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মকবুল হোসেন বলেন, “আবু সাঈদের স্বপ্ন তো এখনো পূরণ হয় নাই। এখন কবে হবে, সেটা জানি না। আমার ছেলের নামে—আবু সাঈদ নামে স্টেডিয়াম হোক, এটা আমি চাই।”
এদিন একটি স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতি ও উদ্বোধনে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। মকবুল হোসেন বলেন, “আজকে মন্ত্রী মহোদয় এসে উদ্বোধন করে গেলেন, এতে আমি আনন্দিত। দেশের জন্য শান্তি-শৃঙ্খলা চাই। সবাই শান্তিতে বসবাস করুক, সবাই সুখে থাক—এটাই আমি চাই।”
অনুষ্ঠানে উপস্থিত আবু সাঈদের মা মনোয়ারা বেগমও দেশে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, “আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। দেশটা যেন শান্তি হয়, কোনো ছেলেপেলেকে যেন আর জীবন দিতে না হয়। সরকার যেন দেশটা শান্তিভাবে রাখে—এটাই আমার সরকারের কাছে দাবি।”
বিভিন্ন স্থাপনায় আবু সাঈদের স্মৃতি সংরক্ষণের দাবি
শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, তাঁর ভাইয়ের নামে নতুন কোনো স্থাপনা নির্মাণ ও নামকরণ করা হলে পরিবার এবং দেশবাসী আনন্দিত হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল ও গুরুত্বপূর্ণ মোড়ে আবু সাঈদের স্মৃতি রক্ষায় স্থাপনা নির্মাণের দাবিও জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রমজান আলী বলেন, বিগত সরকারের আমলের গুম, খুন ও নির্যাতন থেকে দেশ মুক্তি পেয়েছে। বাংলাদেশে আর কোনো নৈরাজ্য ফিরে না আসুক এবং একটি ইনসাফভিত্তিক দেশ গড়ে উঠুক—এটাই তাঁদের প্রত্যাশা।
তবে জুলাইয়ের চেতনা অনুযায়ী কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো দৃশ্যমান নয় বলে আক্ষেপ করেন তিনি। তাঁর অভিযোগ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এখনো অবহেলার শিকার। অনেকের নাম গেজেটভুক্ত হয়নি এবং তাঁদের বিভিন্ন সমস্যারও সমাধান হয়নি বলে তাঁকে ফোন করে জানানো হচ্ছে।
তথ্যসূত্র: শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও ভাই রমজান আলীর বক্তব্য; ২১ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক