শরীয়তপুরে' সেনা অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ দুপুর
  • ৩৭৩২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শরীয়তপুরে' সেনা অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২


শরীয়তপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় তিনটি স্থানে অভিযান পরিচালনা করে আধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।



তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় মন্টু তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল, ৫৭ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন এবং ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


এছাড়া তল্লাশিকালে দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড জব্দ করা হয়।


অভিযানকালে ওই বাড়ি থেকে জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মন্টু তালুকদারের স্ত্রী।


অপরদিকে, একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে নড়িয়ার মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া ডামুড্যা এলাকায় পৃথক অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।


সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সন্ত্রাস, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট তৎপরতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শরীয়তপুর জেলায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সেনাবাহিনীর এই অভিযানে জেলায় আতঙ্ক ছড়ানো অপরাধী চক্রের তৎপরতা দমন হবে বলে আশা করছেন স্থানীয়রা।






কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad