সিরাজগঞ্জসহ সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়েছে। প্রায় কেন্দ্র গুলোতেই ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন সাধারণ মানুষ। সার্বিকভাবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ৩১৭ জন। গত নির্বাচনের তুলনায় এবার জেলায় ভোটার বেড়েছে ১ লাখ ৭৪ হাজার ৩৪৪ জন, যাদের বড় একটি অংশ নারী ও তরুণ ভোটার।
সদর উপজেলার এক নারী ভোটার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।
উল্লাপাড়া উপজেলার এক তরুণ ভোটার জানান, প্রথমবার ভোট দিলাম—নিজের ভোট নিজে দিতে পারাটা সত্যিই গর্বের।
জেলায় মোট ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টি ঝুঁকিপূর্ণ এবং ৪৬৪টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ হাজার ৩৭৪ জন সেনা সদস্য, ৯৬ জন র্যাব সদস্য, ৩৬০ জন বিজিবি সদস্য, ১ হাজার ৯৮৪ জন পুলিশ সদস্য এবং ১২ হাজার আনসার সদস্য। পুলিশ সদস্যদের কাছে রয়েছে প্রায় ৩০০টি বডি-ওয়ার্ন ক্যামেরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সব মিলিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী, শুক্রবার সকালের মধ্যেই দেশের অধিকাংশ আসনের ফলাফল জানা যাবে।
এবারের নির্বাচনে সরাসরি কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার পাশাপাশি পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দিয়েছেন প্রবাসী ও দেশের ভেতরে অবস্থানরত নির্ধারিত ভোটাররা। ফলে ভোট গণনা ও ফলাফল প্রস্তুতির প্রক্রিয়া কিছুটা বিস্তৃত হলেও নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ