সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ধামাইনগর ইউনিয়নের খোদাদাদপুর, ব্রক্ষগাছা ইউনিয়নের ভাতহাড়িয়া এবং ধুবিল ইউনিয়নের মালতিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(১) ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিদের এ অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডিত ব্যক্তিদের মধ্যে ভাতহাড়িয়া গ্রামের আব্দুস ছালামকে ৫ হাজার টাকা এবং খোদাদপুর গ্রামের আবু বক্করকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্তরা দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে মুচলেকা দিয়েছেন।
অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
এ সময় রায়গঞ্জ ও সলঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, জনস্বার্থে অবৈধ টপসয়েল কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার