রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ বাসা থেকে উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যে তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, আনিসুর রহমানকে নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
ড. এ কে এম আনিসুর রহমান বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ৩১ মে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার একটি ফ্ল্যাট থেকে নূর জাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, দীর্ঘ সময় ঘরের ভেতরে পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং সেখানে পোকাও জন্মেছিল। নূর জাহান বেগম তার এক মেয়ের সঙ্গে ওই ফ্ল্যাটে বসবাস করতেন। ফ্ল্যাটটির পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা বিষয়টি টের পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
বৃদ্ধার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের এই প্রশাসনিক পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক