লেবাননের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দেশটিতে পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মঙ্গলবার জি-৭ সম্মেলনের আলোচনায় তিনি লেবাননের বর্তমান সংকটকে আন্তর্জাতিক অঙ্গনের একটি গুরুতর উদ্বেগ হিসেবে উল্লেখ করেন। ম্যাক্রোঁ বলেন, জি-৭ নেতারা একমত হয়েছেন যে লেবাননে দ্রুত ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এখন সময়ের দাবি এবং এটি অপরিহার্য।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো কূটনৈতিক চুক্তি হলে তা অবশ্যই লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সুরক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার তীব্রতা কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা ও পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক